
ভারতের মহারাষ্ট্র রাজ্যের ধুলে জেলায় এক অন্তঃসত্ত্বা নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ধুলে-সোলাপুর মহাসড়কের গরতাড় বারী এলাকার কাছ থেকে এক অন্তঃসত্ত্বা নারীর দগ্ধ মরদেহ উদ্ধারের পর বিষয়টি প্রকাশ পায়। এরপর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ ব্যাপক তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারী দল প্রায় ১১ ঘণ্টার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে।
ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন গাড়িটিকে শনাক্ত করে পুলিশ। পরে অহিল্যানগর জেলার জামখেড় এলাকায় অবস্থিত ‘সপ্তসুর সাংস্কৃতিক শিল্পকেন্দ্রে’ অভিযান চালিয়ে গাড়ির সন্ধান পায় পুলিশ।
পুলিশি তদন্তে জানা যায়, নিহত নারীর নাম পিঙ্কি হনুমন্ত কটকা (৩১)। সাংস্কৃতিক কেন্দ্রটিতে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে বিড় জেলার কাছে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। মারধরের একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে মৃত ভেবে অভিযুক্তরা ‘লাশ’ গুমের পরিকল্পনা করে।
পরবর্তীতে প্রাইভেটকারে করে মরদেহটি ঘটনাস্থল থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে ধুলে জেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে নির্জন একটি পাহাড়ি এলাকায় এনে তারা নারীর দেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় জড়িত চার আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আরও দুজন পলাতক রয়েছে। পলাতকদের খুঁজে বের করে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করছে।












Leave a Reply