আগৈলঝাড়ায় ওসির নেতৃত্বে অভিযান: ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল) :

​বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট বাজার এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পয়সারহাট বাজারের একটি চায়ের দোকানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ৮০ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
​মহিউদ্দিন হেমওলা সরদার (৪২), পিতা: মৃত আব্দুর রব সরদার, নন্দনপট্টি, গৌরনদী, বরিশাল।
​বিকাশ মল্লিক ওরফে দয়াল (৪২), পিতা: মৃত বিজয় কৃষ্ণ মল্লিক, পীড়ারবাড়ী, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
​মিরন বয়াতী (৫২), পিতা: মোতালেব বয়াতী, পশ্চিম নৈয়ারবাড়ী, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
​উজ্জল অধিকারী (৩০), পিতা: মৃত বিমল অধিকারী, উত্তরপাড়, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
​আব্দুর রাজ্জাক (৪৩), পিতা: আব্দুল বারেক, বালিহারী, নেছারাবাদ (স্বরূপকাঠি), পিরোজপুর।
​শামসুল হক (৪০), পিতা: মৃত গয়েজ উদ্দিন সরকার, পয়সা গ্রাম, আগৈলঝাড়া, বরিশাল।
​পুলিশ জানায়, অভিযান চলাকালে আগৈলঝাড়া উপজেলার পশ্চিম পয়সা গ্রামের এনাজউদ্দিন সিকদার ও মিজানুর রহমান সিকদার (৪২) কৌশলে পালিয়ে যান।
​এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিরাসহ পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান জানান, মাদক কেনাবেচার সময় ৮০ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *