গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর।

মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে এক সৌদি প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর (বাউন্ডারি দেয়াল) ও সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে।
ঘটনাটি ঘটানো হয়েছে শুক্রবার দিবাগত গভীর রাত ২টা ৩৪ মিনিটের দিকে। সিসিটিভি ফুটেজ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী চাঁদনী আক্তার বাদী হয়ে প্রতিবেশী নারায়ণ মিত্র ও তাদের অজ্ঞাতনামা ভারাটে সন্ত্রাসীদের বিরুদ্ধে শনিবার রাতে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক প্রবাসী স্ত্রী চাঁদনী আক্তার জানান, সম্প্রতি তিনি ও তার সৌদি প্রবাসী স্বামী সরোয়ার হোসেন হাওলাদার মিলে উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে সুন্দরদী মৌজার বাসিন্দা রিপন মিত্র ও সুমন মিত্রের কাছ থেকে ১৪ শতক জমিসহ একটি একতলা পাকা বাড়ি ক্রয় করেন। এরপর বাড়ির দখল বুঝে নিতে তিনি বাড়ির পূর্ব সীমান্ত ও উত্তর সীমান্তের কিছু অংশে পাকা দেয়াল (সীমানা প্রাচীর) নির্মাণ করে বাড়িটির দখল বুঝে নেন। বাড়ির পূর্বের মালিক রিপন মিত্র ও সুমন মিত্রের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের চাচা নারায়ণ মিত্র ও তার ভাড়াটে সন্ত্রাসীরা‌ মিলে শুক্রবার দিবাগত গভীর রাত ২টা ৩৪ মিনিটের দিকে দেয়ালটি (সীমানা প্রাচীর) ভেঙে ফেলে। এ সময় তারা ওই বাড়িতে থাকা ২টি সিসিটিভি ক্যামেরা পিটিয়ে ভাঙচুর করে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক চাঁদনী আক্তার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শনিবার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, প্রবাসীর স্ত্রীর দেয়া লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের সনাক্তের বিষয়টি প্রক্রিয়াধীন। তদন্তের মাধ্যমে অপরাধী শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক চাঁদনী আক্তারের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নারায়ণ মিত্র বলেন, আমি রাতে ঘুমিয়েছিলাম। কে কি করেছে আমি জানিনা, আমার কোন লোকজন নেই। লোকজন থাকলে তো আমি দিনেই ভাঙাতে পারতাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *