গৌরনদীতে বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

বন্ধুর বিয়েতে যোগ দিতে দেশে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)। মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরের বটতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল ফকির খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে। তিনি মাত্র দশ দিন আগে কুয়েত থেকে ছুটিতে দেশে এসেছিলেন।

নিহতের ঘনিষ্ঠজন পান্নু মৃধা জানান, খাঞ্জাপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে এবং সোহেলের বাল্যবন্ধু ফয়সাল হাওলাদারের বিয়ে সম্পন্ন হয় গত ১৯ জুন। সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই ১০ দিন আগে দেশে ফেরেন সোহেল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে সোহেল তার মোটরসাইকেলটি পার্কিং করে বটতলা এলাকার মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় বরিশাল থেকে ঢাকাগামী বেপরোয়া গতির ‘তাজবি পরিবহন’ নামের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এই প্রবাসী যুবক।

দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোহসিন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় মহাসড়কের গোপালপুর এলাকা থেকে ঘাতক ‘তাজবি পরিবহন’ বাসটিকে আটক করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *