ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে এক নারীর তথ্য নেয়ার পর ‘লাইভ ভেরিফিকেশন’ ছবি তোলার কৌশলে কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুই যুবক। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রোশনা বেগম (৪০) ওই গ্রামের মজিবল মোসলমানের স্ত্রী।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে কালো রঙের একটি হিরো মোটরসাইকেলে করে দুই যুবক রোশনা বেগমের বাড়ির সামনে আসে। তারা নিজেদের সরকারি ফ্যামিলি কার্ড করে দেয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে পরিচয় দেয়। এরপর বিভিন্ন কৌশলে রোশনা বেগম ও তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে।
একপর্যায়ে তারা জানায়, ফ্যামিলি কার্ডের জন্য ‘লাইভ ভেরিফিকেশন’ করতে হবে। এ জন্য মোবাইল ফোনের ক্যামেরার দিকে তাকাতে বলা হয় রোশনা বেগমকে। তিনি ক্যামেরার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে এক যুবক তার কান থেকে স্বর্ণের দুল টান দিয়ে নিয়ে যায়। পরে কিছু বুঝে ওঠার আগেই দুই যুবক মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাচড়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম সিকদার বলেন, ঘটনাটি শুনেছি। এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। বিভিন্ন কৌশলে তারা সহজ-সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। সবাইকে সতর্ক থাকতে হবে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *