গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত র‌্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ মেহেদী হাসান।

দুর্যোগের ঝুঁকি হ্রাস ও তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদের ভাষা সৈনিক গোলাম মাহবুবুর রহমান চত্বরে র‌্যালি, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালিতে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের নিয়ন্ত্রণ নেই। তবে পূর্বপ্রস্তুতি ও সচেতনতা থাকলে দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও সঠিক তথ্যের আওতায় আনা জরুরি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার
মোঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আক্তার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভির প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া।
তারা দুর্যোগকালীন সময়ে দ্রুত তথ্য আদান-প্রদান, জনসাধারণকে সতর্ক করা এবং সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
দিবসটি উপলক্ষে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়ায় অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং জীবন ও সম্পদ রক্ষার বিভিন্ন কৌশল বাস্তবভাবে প্রদর্শন করা হয়। এ ধরনের আয়োজন দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *