পুলিশের কার্যক্রম জানতে ঈশ্বরগঞ্জ থানায় পাঁচ কলেজছাত্রী

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি,

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা নিতে থানায় গেছেন ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের পাঁচ ছাত্রী। এ সময় তারা থানার বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে জানার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঈশ্বরগঞ্জ থানায় গিয়ে ছাত্রীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের সঙ্গে পরিচিত হন। পরে ওসির সঙ্গে থানার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তারা।

এ সময় ওসি ছাত্রীদের থানার বিভিন্ন অফিস, হাজতখানা এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা কক্ষ ঘুরিয়ে দেখান। পাশাপাশি এসব কক্ষের কার্যক্রম সম্পর্কেও তাদের ধারণা দেন।

থানা ঘুরে দেখা পাঁচ ছাত্রী হলেন ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মীম আক্তার (১৬), সুমাইয়া আক্তার (১৬), মিতু আক্তার (১৬), লিমা আক্তার (১৬) ও মীম (১৭)।

পুলিশের কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহ থেকেই তাদের এ উদ্যোগ। এ ধরনের উদ্যোগ পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের কাছে পুলিশের কার্যক্রম সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *