
আসন্ন গৌরনদী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র পদে মনোনীত করেছেন গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা মো. হাফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার।
দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় মাওলানা হাফিজুর রহমান শৈশব থেকেই ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত ছিলেন। পরবর্তীতে উপজেলা বায়তুল সম্পাদক, গৌরনদী পৌরসভা সভাপতি এবং উপজেলা সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন। কর্মজীবনে বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন শেষে অবসরে এসে পূর্ণ সময় সংগঠনের কাজে নিজেকে নিয়োজিত করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী পৌরসভার আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রচারিত নির্বাচনী অঙ্গীকারে তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে গৌরনদী পৌরসভার রাস্তা, ড্রেনেজ ও বিশুদ্ধ পানির সরবরাহ উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গঠন, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত প্রশাসন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং সবুজ, শান্তিপূর্ণ ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে কাজ করবেন।
নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, “গৌরনদী পৌরবাসীর প্রত্যাশা পূরণ করাই আমার অঙ্গীকার। সততা, দক্ষতা ও দায়বদ্ধতার মাধ্যমে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে চাই।”
এদিকে, নির্বাচনে পৌর মেয়র মনোনীত করার ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এখন নির্বাচনী প্রচারণায় জনসমর্থন অর্জনের লক্ষ্যে মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন মাওলানা মো. হাফিজুর রহমান এবং তাঁর সমর্থকরা।